Friday, 17 June 2016

আজকাল কি কেউ কল্পবিজ্ঞানের গল্প পড়েন ?

অদ্রীশ বর্ধন , সত্যজিৎ রায়, প্রেমেন্দ্র মিত্র, জয়ন্ত বিষ্ণু নারলিকার, দিলীপ রায়চৌধুরী , শীর্ষেন্দু মুখোপাধ্যায়, এনাক্ষী চট্টোপাধ্যায় , সঙ্কর্ষণ রায়   - কল্পবিজ্ঞানের গল্পের পথিকৃৎ এঁরা । অনেক নাম বাদ গেলো তা লিখতে লিখতেই মনে পড়ে যাচ্ছে । হালফিলের মধ্যে অনীশ দেব, অভিজ্ঞান বন্দ্যোপাধ্যায় ছাড়া অবশ্য খুব একটা কল্পবিজ্ঞান চোখে পড়ে না। কল্পবিজ্ঞান জিনিসটা কি ? আদতে এটা একটা ছাপার  অক্ষরে পরিবেশিত থ্রিলার । রহস্য গল্প । যুগে যুগে মানুষ পছন্দ করে এসেছে রহস্যের ঘনঘটা । শেষটায় কি হয় কি হয় - বুক দুরুদুরু নিয়ে পুরো গল্পটা এক নিঃশ্বাসে পড়ে ফেলেছে রহস্য উন্মোচনের জন্য । অন্য গল্পের সাথে এর পার্থক্য হল গল্পের বুনোটে থাকা দরকার বিজ্ঞান এবং যুক্তি । তা বলে  বিজ্ঞানের ফর্মুলা  ধরে এইগল্পের গতি প্রকৃতি চলবে এমনটা নয় । গল্পটা হবে ফ্যান্টাসি । কল্পনার জগতের মতো । অথচ তার পিছনের হ্যাঁ বা না এর জন্য অকাট্য যুক্তি থাকবে । এটাই রূপকথা আর কল্পবিজ্ঞানের পার্থক্য ।
                         থুড়ি , ভুল বললাম । কাল যা রূপকথা ছিল আজ তাই বিজ্ঞান । কাজেই কল্পবিজ্ঞানের সাথে রূপকথার গল্পের পার্থক্য আদৌ থাকবে কি - সে সন্দেহ আছে। অমর কাহিনী আরব্য রজনীর সময় জিনি পারতো একটা শতরঞ্চিকে হাওয়ায় উড়িয়ে দিতে। তখন তা ছিল যাদু । আজ মানুষ হেলিকপ্টার , প্লেনে চেপে হাওয়ায় উড়ে বেড়ায় - তার মধ্যে কয়েক হাজার শতরঞ্চি মায় গোটা কয়েকশো সংসারের জিনিসপত্র ঢুকে যাবে । আলাদীনের বাড়ি মুহূর্তের মধ্যে আশ্চর্য প্রদীপের দৈত্যের হুকুমে অন্য এক দেশে  গিয়ে মাটিতে অক্ষত অবস্থায়  দাঁড়িয়ে পড়েছিলো । আজ বিরাট বিরাট ক্রেন কম্পিউটারের হুকুমে গোটা এক একটা বাড়ি একই রকম ভাবে অন্য জায়গায় সরিয়ে দেয়। মানুষ মহাকাশে হাঁটে , দৌড়োয় । সমুদ্রের তলার রহস্যভেদ করে। কোনোটাই   নিছক কল্পনা নয়। তবু আজও অনেক স্বপ্ন আছে অধরা । সেই স্বপ্নের বেলুন উড়াতে গিয়ে কল্পবিজ্ঞানের জন্ম । আপনি মনে করুন তো কি কি স্বপ্ন পূর্ণ হওয়া বাকি আছে আপনার ? কল্পনায় কি ভাবেন ? কি দেখেন ? কি চান ? কোনটা পেলে ষোলকলা পূর্ণ হবে আপনার ? প্রাণখুলে বলুন না প্লিজ ।  

No comments:

Post a Comment